কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জহির আলম (৪৫) নামের এক লবণচাষিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজানপাড়ায় এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। আহত জহির আলমকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তিনি ওই এলাকার বাসিন্দা বজল আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাখালী ইউনিয়নের রব্বত আলীপাড়ার বাসিন্দা সালাহ উদ্দিনের সাথে জহির আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে সালাহ উদ্দিনসহ কয়েকজন মোটরসাইকেলে এসে জহির আলমের বাড়ির সামনে হামলা চালান এবং তাকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা একটি মোটরসাইকেল ও ছোরা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন মোটরসাইকেল ও ছোরাটি জব্দ করেন।
আহত জহির আলমের অভিযোগ, মাথাখিলা এলাকার একটি জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। সম্প্রতি সালাহ উদ্দিন জমিটি জবরদখলের উদ্দেশ্যে সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে বাধার মুখে পড়েন। এ নিয়ে থানায় দুই পক্ষের উপস্থিতিতে বৈঠক হয়েছিল, যেখানে জমি পরিমাপের সিদ্ধান্ত এবং স্থাপনার মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালেই সালিশকারীদের মাধ্যমে মালামাল সরানোর কাজ শুরু হয়েছিল, যার কয়েক ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটে।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) যতীন্দ্র জানান, রোববার থানায় দুই পক্ষকে নিয়ে বৈঠক করে বিরোধ মীমাংসা করা হয়েছিল। এরপরও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি নিজে হাসপাতালে গিয়ে আহত জহির আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।