কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-উতরুজা ওয়াকফ’ (Al-Utruja Endowment) দেশজুড়ে কোরআন শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা পালন করছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করছে। এই উদ্যোগটি দীর্ঘমেয়াদি ও টেকসই কোরআনি ওয়াকফের একটি সফল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওকাফ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে দেশজুড়ে ১৭৬টি কেন্দ্র ও কোরআন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে দেড় হাজারেরও বেশি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠদান করছেন। আওকাফ মন্ত্রণালয়ের ধর্মপ্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা জানান, আল-উতরুজা ওয়াকফ এমন একটি প্রকল্প যেখানে সম্পদের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি অর্জিত আয় কোরআনের সেবায় ব্যয় করা হয়। এতে শিক্ষাকেন্দ্রগুলোর জন্য একটি স্থায়ী অর্থায়ন ব্যবস্থা গড়ে উঠেছে, যা সেবার পরিধি বাড়াতে সহায়ক হচ্ছে। পাশাপাশি, এই ওয়াকফ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেও যেকেউ এতে অবদান রাখতে পারেন।
প্রকল্পের অংশ হিসেবে ২০২২ সালে নিজস্ব অর্থায়নে ১১২টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট একটি আধুনিক আবাসন উদ্বোধন করা হয়। এই আবাসন প্রকল্প থেকে প্রাপ্ত নিয়মিত আয় সরাসরি কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হচ্ছে। ড. আবু শুরাইদা জানান, বর্তমানে আল-উতরুজার কেন্দ্রগুলোতে ৯ হাজার ১৩১ জন নারী শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা তাদের দ্বীনি জ্ঞান অর্জন এবং ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কোরআন শিক্ষার প্রতি নারীদের এই ক্রমবর্ধমান আগ্রহ ও অংশগ্রহণ কেবল তাদের দ্বীনি জ্ঞানই বাড়াচ্ছে না; বরং একটি আদর্শ পরিবার গঠন এবং সমাজে ইসলামী পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করছে।
সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য এই ওয়াকফে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রয়েছে। সাধারণ নাগরিক ও প্রবাসীরা ১ হাজার কাতারি রিয়াল বা সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অনুদান দিয়ে এই কল্যাণমূলক কাজে শরিক হতে পারেন। এছাড়াও ওয়াকফের কার্যক্রম গতিশীল করতে আওকাফ অধিদপ্তর ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে ওয়াকফের অধীন খালি থাকা সম্পত্তির ইউনিটগুলো সহজেই খুঁজে দেখতে ও ভাড়ার জন্য আবেদন করতে পারছেন।
পরিশেষে ড. আবু শুরাইদা এই মহান কর্মযজ্ঞের সঙ্গে জড়িত সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।