বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে তার আইনি সুরক্ষা এবং মানবাধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন দেশটির ছয়জন রাজনীতিক। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে তারা বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে বিচারব্যবস্থার ব্যবহার বন্ধ, স্বাধীন তদন্ত ও প্রতিশোধমূলক সহিংসতা প্রতিরোধের তাগিদ দিয়েছেন। এই চিঠিতে স্বাক্ষর করেন বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্ট সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান।
বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে গত ৪ নভেম্বর প্রকাশিত নিবন্ধে কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান জানান, সহকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই চিঠিটি পাঠিয়েছেন। এতে শেখ হাসিনার বিচার নিয়ে চারটি নির্দিষ্ট বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে
চিঠিতে স্পষ্ট করা হয়, তারা শেখ হাসিনার জন্য আগাম কোনো ছাড় বা দায়মুক্তি চাচ্ছেন না; বরং একটি আন্তর্জাতিক মানের স্বচ্ছ বিচার প্রক্রিয়া দেখতে চান। নিবন্ধে বব ব্ল্যাকম্যান উল্লেখ করেন, ঢাকার বৃটিশ হাইকমিশন যেন বাংলাদেশের তৎকালীন সরকার, বন্ধুপ্রতীম দেশের মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সাথে সমন্বয় রেখে কাজ করে। একই সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যস্থতার সময়সূচি লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।
প্রসংগত, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের আদেশ দেন। ওই রায়ের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিচারিক মানদণ্ড ও আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এছাড়া যুক্তরাজ্য সরকার নিজস্ব নীতি অনুযায়ী আন্তর্জাতিক ক্ষেত্রে সব ধরণের মৃত্যুদণ্ড কার্যকরের বিরোধিতা করে থাকে।