বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসেবে বড় ধরনের গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ফরেনসিক অডিটের মাধ্যমে একটি বিশেষ কমিটি এসব অসংগতি চিহ্নিত করেছে।
বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে খুব দ্রুত এই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়; এটি এক ধরনের প্রতারণা। সরকারের কাছে তথ্যের গুরুত্ব অপরিসীম, তাই বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। এছাড়া পরিসংখ্যান ব্যুরোর জনবল সংকট নিরসনের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মন্ত্রী স্পষ্ট করেন যে, কাউকে লক্ষ্যবস্তু করতে নয়, বরং অতীতের অনিয়মের গভীরে পৌঁছাতেই এই ফরেনসিক অডিট চালানো হয়েছে। তিনি বলেন, তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, তত বেশি ভুল ও অসংগতি সামনে আসবে, যা ভবিষ্যতে সংশোধনের সুযোগ তৈরি করে দেবে।