জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার অভিজ্ঞ রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। চ্যান্সেলরের এই মনোনয়ন চূড়ান্ত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পথে হাঁটবেন ৬১ বছর বয়সী আইগনার। রবিবার রাতে নিজের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
বাভারিয়া রাজ্য পার্লামেন্টের বর্তমান স্পিকার ইলজে আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সিএসইউ মূলত বাভারিয়ায় সিডিইউর সহযোগী দল হিসেবে পরিচিত। আজ সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে এই মনোনয়ন চূড়ান্ত করা হলে তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যাবে। রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের দলগুলোর মধ্যে অভিন্ন প্রার্থী নিয়ে ঐকমত্য হওয়া জরুরি। বর্তমান সরকারে থাকা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) আগেই আইগনারের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছিল।
দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ফেডারেল কনভেনশন নামে একটি বিশেষ সম্মেলন ডাকা হয়। আগামী ৩০ জানুয়ারি এই সম্মেলনের ভোটের মাধ্যমেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেবেন। উল্লেখ্য, এসপিডি নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে প্রেসিডেন্ট পদে আসীন হন এবং আগামী ২০২৭ সালের মার্চ মাসে তাঁর দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী আইগনার স্থানীয় রাজনীতি থেকেই তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে প্রথমবারের মতো জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর তিনি সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে গিয়ে ২০১৮ সাল থেকে রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জার্মানির সংবিধানে প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তিনি সরকারি নথিতে স্বাক্ষর ও মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়ার কাজ করে থাকেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
চলতি বছরের শুরুতেই সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে চ্যান্সেলর মের্ৎস বিকল্প প্রার্থীদের কথা বিবেচনায় রাখায় সিডিইউ সমর্থনের বিষয়ে দেরি করে, যার ফলে দল দুটির মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত আইগনারের মনোনয়নই চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে।