মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী:-
রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের হাটরা গেদির মোড় থেকে মকিমপুর ও মুল্লকালিপুর পাড়ার সংযোগ রাস্তা নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুত নিরসন দাবিতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২১/১০/২৬ ) সকালে উপস্থিত বক্তব্যে তাদের দাবি, রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুই এলাকার হাজারো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ব্যবহৃত পথটি ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, দুই পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে দৈনন্দিন যাতায়াতের জন্য পথটি ব্যবহার করে আসছেন। সম্প্রতি ওই রাস্তার পাশে জমির মালিকপক্ষ নির্মাণকাজ শুরু করলে চলাচল নিয়ে জটিলতা দেখা দেয়।
অন্যদিকে, জমির মালিকপক্ষের মুনতাজ আলীর দাবি, জমিটি আগে জমিদার বংশের ছিল। টিলাবিশিষ্ট জমিটি উঁচু-নিচু হওয়ায় পরবর্তী সময়ে কেটে সমতল করে চাষাবাদের উপযোগী করা হয়। জমির আইল দিয়ে কিছু মানুষ পায়ে হেঁটে চলাচল করতেন। পরে সেখানে আমবাগান করা হলে লোকজন জমির ওপর দিয়ে চলাচল শুরু করেন। তবে সেখানে কোনো স্বীকৃত রাস্তা ছিল না বলে দাবি করেন তিনি। মালিকপক্ষের ভাষ্য, নিজেদের জমি সুরক্ষিত রাখতে সীমানাপ্রাচীর নির্মাণ ও জমিটি চাষাবাদের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট পাড়ার বাসিন্দাদের যাতায়াতের জন্য বিকল্প দুটি রাস্তা রয়েছে। তবে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের স্বার্থে বর্তমানে পায়ে হেঁটে চলাচলের জন্য ৪ ফুট জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে জমির এক পাশ দিয়ে রাস্তা দিতেও তাঁরা রাজি আছেন বলে জানান।
এ অবস্থায় সমস্যার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে জমির মালিকানা, দীর্ঘদিনের চলাচলের ব্যবহারসহ প্রাসঙ্গিক বিষয়গুলো যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেবেন। এতে জমির মালিকের অধিকার রক্ষা এবং দুই পাড়ার বাসিন্দাদের যাতায়াত সমস্যার গ্রহণযোগ্য সমাধান হবে বলে আশা করছেন তাঁরা।