কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ছেলে মো. মিজানুর রহমান শামিম (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর আত্মগোপনে থাকা শামিমকে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ ভোরে নাগেশ্বরী পৌরসভার বলদিটারী গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মাদকের টাকা না পেয়ে শামিম ধারালো অস্ত্র নিয়ে বৃদ্ধা মা মোছা. আফরোজা বেগমের (৬৫) শয়নকক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে ঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের আসবাবপত্র, ব্যবসায়িক মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পর ভুক্তভোগী মা মোছা. আফরোজা বেগম বাদী হয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই ঘরের মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার চুরি করতেন। এছাড়া গত ২ জুলাই ছোট ছেলে মোস্তাফিজার রহমান শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে শামিমের বিরুদ্ধে।
অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত শামিম আত্মগোপনে ছিলেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল্লাহিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।