নোয়াখালীর বেগমগঞ্জে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দুই সাংবাদিককে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইকবালের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের জের ধরে তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ (ইমো) কলের মাধ্যমে যোগাযোগ করে সংবাদ অপসারণের জন্য চাপ দেন। এতে সাড়া না পেয়ে তিনি প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, পরবর্তীতে একই বিষয় নিয়ে অন্য একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ওই প্রতিষ্ঠানের সম্পাদক ও প্রকাশককেও একাধিকবার ফোন করা হয়। অভিযোগ অনুযায়ী, সংবাদ সরিয়ে না নিলে “খেলা হবে” বলে হুমকি দেওয়া হয় এবং বিভিন্ন আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের উদ্দেশে কটূক্তি, মানহানিকর মন্তব্য এবং একাধিক ফেক আইডির মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগও উত্থাপিত হয়েছে। এসব ঘটনার সঙ্গে অভিযুক্তের সম্পৃক্ততা রয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সাংবাদিকরা দায়িত্ব পালনকালে এ ধরনের হুমকি ও ভয়ভীতি স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক উল্লেখ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত মো. ইকবালের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।