শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে জাল নথিতে জমি দখলের চক্রান্ত ভেস্তে দিল ভূমি প্রশাসন

Reporter Name

 

রুবেল হোসেন, স্টাফ রিপোর্টার :

জাল খতিয়ান তৈরি করে সরকারি জমি দখলের একটি সুপরিকল্পিত চক্রান্ত নস্যাৎ করা হয়েছে সাভারে। আমিনবাজারের উত্তর কাউন্দিয়া মৌজায় প্রায় এক একর সরকারি জমি উদ্ধার করেছে ভূমি প্রশাসন, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি।
ভূমি অফিস সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র জাল নথিপত্র তৈরি করে সরকারি জমি আত্মসাতের চেষ্টা করে। তারা ২০২৪ সালে খতিয়ান সংশোধনের জন্য ৩১৫/২৪ নম্বর একটি মিস মামলা দায়ের করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে জাল ৯৮৮ নম্বর খতিয়ান আদালতে উপস্থাপন করে।
তদন্তে দেখা যায়, সরকারি রেকর্ড অনুযায়ী ওই খতিয়ানে ব্যক্তিমালিকানাধীন জমির পরিমাণ ছিল ১৪৬ শতাংশ। কিন্তু জাল খতিয়ানে তা বাড়িয়ে ২৪৬ শতাংশ দেখানো হয়। এই ভুয়া তথ্যের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি ২০২৫ সালে তৎকালীন কর্মকর্তার আদেশে খতিয়ান সংশোধন করা হয় এবং সুযোগ নিয়ে অতিরিক্ত প্রায় এক একর জমি নিজেদের নামে নামজারি করে নেয় চক্রটি।
বর্তমান সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান দায়িত্ব নেওয়ার পর বিষয়টি সন্দেহজনক মনে হলে তদন্ত শুরু করেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তদন্ত কার্যক্রম জোরদার করেন।
এ সময় প্রভাবশালী চক্রটি তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টা চালায় বলে জানা গেছে। তবে কোনো চাপের কাছে নতি স্বীকার না করে তদন্ত অব্যাহত রাখেন এসিল্যান্ড।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের তদন্ত প্রতিবেদনে আদালতে উপস্থাপিত খতিয়ানটি জাল বলে প্রমাণিত হয়। পরে আদালত পূর্বের আদেশ বাতিল করে জাল খতিয়ানটি রেকর্ড থেকে অপসারণ এবং সংশ্লিষ্ট সব নামজারি বাতিলের নির্দেশ দেন। একই সঙ্গে সঠিক খতিয়ান জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম থেকে অনলাইনে সংযুক্ত করে সংশ্লিষ্ট রেজিস্ট্রারে হালনাগাদ করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরেজমিনে উপস্থিত থেকে জমিটি পুনরুদ্ধার করেন এবং সেখানে সাইনবোর্ড স্থাপন করে সরকারি দখল নিশ্চিত করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বলেন,
“সরকারি সম্পত্তি আত্মসাতের কোনো সুযোগ নেই। প্রতারণার মাধ্যমে কেউ কখনো স্থায়ীভাবে লাভবান হতে পারে না। ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, সাভারে সরকারি জমি দখলের চেষ্টা রুখতে ভূমি প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ