নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী ফলাফলে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের আভাস পাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি এই দিনটিকে বাংলাদেশের ইতিহাসের একটি ‘উল্লেখযোগ্য দিন’ হিসেবে অভিহিত করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, এদেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপি। দলটির ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছি। গত রাত থেকেই আমরা ফলাফল ঘোষণা শুনছি। নির্বাচন কমিশন (ইসি) এখনো আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে নাম উচ্চারণ না করলেও আমরা জানতে পেরেছি, বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছে।
একই সঙ্গে অনুষ্ঠিত হওয়া গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয় হওয়ার কথা। এবারের নির্বাচনে বড়ো কোনো সংঘাত না হওয়াকে ইতিবাচক হিসেবে দেখে তিনি বলেন, এবার নির্বাচনে প্রাণহানি হয়নি, এটি একটি ভালো বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে পারায় এটি একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়ে গিয়েছিলো।
নির্বাচনে জামায়াতে ইসলামীর অবস্থান ও অভিযোগ সম্পর্কে নজরুল ইসলাম বলেন, জামায়াতের মনে কষ্ট আছে, তারা অভিযোগ করতেই পারে। তবে আমাদের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ করেনি। আমাদের ধারণা ছিলো আমাদের সব প্রার্থীই জিতবে। যাই হয়েছে, আগামী নির্বাচনে আমাদের ফলাফল আরও ভালো হবে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপির সব প্রার্থীর জয়লাভের আশা ছিলো। তবে সামনে আরও কাজ করার সুযোগ রয়েছে এবং আগামী নির্বাচনে আরও ভালো ফলাফল আসবে।