আরিফ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় ৯ ডাকাত সদস্য গ্রেফতার করছে পুলিশ, তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ১টি লকেটসহ চেইন, ১ জোড়া কানের দুল, ১৩টি হাতের চুড়ি, ৩টি ব্রেসলেট, ১টি হাতঘড়ি, নগদ ৪ হাজার ৯৮৪ টাকা, ১টি রেডমি মোবাইল ফোন এবং একটি স্ক্রু ড্রাইভার, প্লাস ও রেঞ্চসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার রাত ১টা ৩০ মিনিটে রাউজান থানার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় আহমদ হোসেন বাবুলের দুইতলা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১৪ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল সিঁড়িঘরের ওপরের ফাঁকা স্থান দিয়ে বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা নগদ অর্থ, স্বর্ণালংকার, এমিটেশন গহনা ও মোবাইল ফোন লুণ্ঠন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে একাধিক টিম গঠন করে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্য, প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করা হয়। পরে পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য। চক্রটির মূলহোতা ফজর আলী ওরফে বাটন ওরফে ডিপজল ডাকাত বর্তমানে পলাতক রয়েছে। তিনি দেশের বিভিন্ন এলাকার অপরাধীদের সঙ্গে যোগাযোগ করে এ ডাকাতির পরিকল্পনা করেন।