নিজস্ব প্রতিবেদক :
পটিয়া থানায় দীর্ঘ দিন ধরে নিজেকে সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠা এক নারীকে অবশেষে থানা থেকে বের করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পটিয়া থানার সেকেন্ড অফিসার ফরহাদের রুমে হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টির পর পুলিশ তাকে থানা চত্বর থেকে বের করে দেয়।
জানা গেছে, শাহীনা নামের মহিলা দীর্ঘদিন ধরে পটিয়া থানা এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। থানায় সাধারণ মানুষ ও সেবা নিতে আসা প্রার্থীরা মহিলার আচরণে দীর্ঘদিন ধরে অস্বস্তিতে ছিলেন।
অভিযোগ রয়েছে, এই নারী কখনো নিজেকে সাংবাদিক, আবার ক্ষেত্রবিশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নানা তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টা চালাতেন। তার এহেন কর্মকাণ্ডে থানা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল বলে পুলিশ জানান।
ঘটনার দিন গত বৃহস্পতিবার রাতে পটিয়া থানার সেকেন্ড অফিসার মো. ফরহাদের অফিসকক্ষে প্রবেশ করে তিনি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওসি জিয়াউল হক দৌড়ে এসে কঠোর অবস্থান নেন এবং তাকে থানা থেকে বের করে দেন।
পটিয়া থানার এসআই অফিসার এসআই মো. ফরহাদের সাথে যোগাযোগ করা হলে জানায়, থানার ভেতরে বিশৃঙ্খলা ও নিয়মবহির্ভূত আচরণের কারণে তাকে তাৎক্ষণিকভাবে থানা চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।