মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :
সাভারে আমিনবাজার ইউনিয়নের যুবলীগ নেতা সোলাইমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আমিনবাজার ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ জাকির আল আহাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোলাইমানকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আমিনবাজার পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে যুবলীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।