মোঃ রুবেল হোসেন সাভার প্রতিনিধি:
সাভারের গেন্ডা এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাত ১০টা ২ মিনিটে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ১০টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় রাত ১০টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসে আগুন দিতে পারে।
এদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত বাসটির চালক কিংবা মালিকের সন্ধান পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।