মোঃ ওয়াজেদ আলী,সিনিয়র রিপোর্টার রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের সফল অভিযানে ২টি বিদেশি পিস্তল,৪ রাউন্ড গুলি’সহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার খানখানাপুর সরদারপাড়ার মৃত ইউনুস সরদারের ছেলে মোঃ ইমরান সরদার (২৮), আঃ রাজ্জাক শেখের ছেলে মোঃ সিয়াম শেখ (২১), উত্তর ভবানীপুরের খোকন শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ তারেক (৩০) এবং মেছোঘাটা এলাকার মোঃ আমির শেখের ছেলে মোঃ ফিরোজ শেখ।
আজ সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল ইসলাম।
ওসি মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ইমরান সরদারের পকেট থেকে ৭.৬৫ মি.মি. বোরের একটি বিদেশি পিস্তল, সিয়াম শেখের পকেট থেকে একই বোরের আরেকটি বিদেশি পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট, একটি বাটন ফোন, ২০ হাজার টাকা এবং একটি কালো রঙের টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
ওসি মফিজুল ইসলাম আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সিয়াম শেখের বিরুদ্ধে মারামারির একটি মামলা, জাহাঙ্গীর শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ ৯টি মামলা এবং ফিরোজ শেখের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
উদ্ধার করা অস্ত্রের ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।