মোঃ রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :
মাদক নির্মূলে নির্বাচিত হওয়ার পর ১০০ দিনের কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা- ১৯ এর ধানসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও ধারাবাহিক পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় এসব পথসভা ও গণসংযোগ পরিচালনা করা হয়।
গণসংযোগকালে ডা. সালাউদ্দিন বাবু সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“আপনারা আমাকে কেন ভোট দেবেন—এই প্রশ্নের জবাবে আমি বলছি, নির্বাচিত হলে ১০০ দিনের মধ্যেই মাদক নির্মূল করবো। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমি আপসহীন।”
তিনি আরও বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই ফজরের নামাজের পর ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন—এটাই আমার প্রত্যাশা।”
ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন,
“একশ্রেণীর দল আছে যারা বলে—ভোট দিয়ে দেখেন, আমাদের ভোট দিলে জান্নাতের টিকিট পাবেন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার জনগণের সরাসরি ভোটে বিজয়ী হয়ে সংসদে যেতে আমি আশাবাদী।”
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,
“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তারা সাবধান হয়ে যান। এমনকি আমার দলের কেউ যদি এসব অপকর্মে জড়িত থাকে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে ঢাকা-১৯ আসনের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ডা. সালাউদ্দিন বাবু বলেন,
“শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নের পাশাপাশি এলাকার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় তিনি সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় জনগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসমর্থনের কথা উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।