নড়াইল জেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিল গ্রামে এক বেপরোয়া মাদক ব্যবসায়ীর দৌরাত্ম্যে স্থানীয় যুবসমাজ আজ চরম বিপর্যয়ের মুখে। আকাশ মোল্লা (২৮) নামের এই ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আকাশ মোল্লা নিয়মিতভাবে যশোর ও বাঘারপাড়া উপজেলাসহ আশপাশের এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে তা নড়াইল শহর ও ভদ্রবিল গ্রামে সরবরাহ করে। বিশেষ করে উঠতি বয়সী কিশোর-যুবকদের লক্ষ্য করেই তার এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মোটরসাইকেলেই ‘হোম ডেলিভারি’ মাদক!
অভিযোগ রয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার নিয়ে মোটরসাইকেলযোগে নির্দিষ্ট স্থানে মাদক পৌঁছে দেয় আকাশ। ফলে সে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, “দিনের পর দিন প্রকাশ্যে মাদক বিক্রি হলেও রহস্যজনক কারণে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
পরিবারে অশান্তি, এলাকায় বাড়ছে অপরাধ
মাদকাসক্তির কারণে অনেক পরিবারে নেমে এসেছে অশান্তি। অর্থের যোগান দিতে গিয়ে কেউ জড়িয়ে পড়ছে চুরি-ছিনতাইয়ে, কেউবা সহিংস কর্মকাণ্ডে। সচেতন মহলের দাবি, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই ব্যবসা পরিচালিত হচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আকাশ মোল্লা।
ভদ্রবিলা ইউনিয়নের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসায়ী আকাশের কারণে আমাদের সন্তানেরা ধ্বংস হয়ে যাচ্ছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিশেষ অভিযান পরিচালনা করে আকাশ মোল্লাকে আটক এবং তার মাদক নেটওয়ার্ক ভেঙে দিতে হবে। একইসঙ্গে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার ও নিয়মিত টহল বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
নড়াইলের সচেতন মহল মনে করছেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকির মুখে পড়বে। যুবসমাজকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা সময়ের দাবি।