মোঃ আরিফ শেখ , ফরিদপুর জেলা প্রতিনিধি :
পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম (পিপিএম) ফরিদপুরে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার সকাল ১১টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সাংবাদিকরা শহরের চলমান যানজট, অনিবন্ধিত মোটরসাইকেল চলাচল, ফুটপাত দখল, মাদক পাচার, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও খারাপ খবর প্রচারের কারণে জনমনে বিভ্রান্তি—এ সম্পর্কিত নানা সমস্যা পুলিশ সুপারের সামনে উপস্থাপন করেন। আলোচনায় ফরিদপুরের সকল সাংবাদিকদের সঙ্গে ও উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, রেজাউল করিম, অমিত সরকার, মজিবুর রহমান, মোঃ শাহীন শেখ, মোঃ হাবিব রহমান, শেখ হাচান, মোহাম্মদ মাহাবুব মিয়া, মোঃ আরিফ শেখ সহ আরো অনেক সাংবাদিক বৃন্দ। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম (পিপিএম) মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম ও অনলাইন জুয়া-জালিয়াতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, শহরের যানজট কমাতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে এবং অটোরিকশা চালকদের শৃঙ্খলার মধ্যে আনার জন্য বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এছাড়া অনলাইনে জিডি গ্রহণকে আরও সহজ করা, থানাগুলোতে ঘুষ ও দুর্নীতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা এবং সাধারণ মানুষ যাতে থানায় হয়রানির শিকার না হন—সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার আশ্বাস দেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা সত্য ও ইতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে সমাজকে আলোকিত করেন। কাজের স্বার্থে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে পুলিশ ও সংবাদকর্মীদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ফরিদপুরকে আরও নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।