ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ডায়াবেটিস সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে ফরিদপুর ডায়াবেটিক সমিতি-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ভবনের হলরুম-১ এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সদস্য সচিব আব্দুস সামাদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি প্রফেসর ডা. মুস্তাফিজুর রহমান শামীমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় ডায়াবেটিসের রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, চিকিৎসা সেবায় ফরিদপুর জেলা অন্যান্য জেলার তুলনায় এগিয়ে রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বেসরকারি পর্যায়ে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বক্তারা আরও বলেন, ফরিদপুরের সচেতন নাগরিক হিসেবে দল-মতের ঊর্ধ্বে থেকে সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে ডায়াবেটিক সমিতির কমিটি গঠন এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ পরিচালনার আহ্বান জানান তারা। ফরিদপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।