মোঃ রুবেল হোসেন ঢাকা প্রতিনিধি :
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত “South Asia Fall Festival 2025” সফলভাবে সম্পন্ন হয়েছে। ২১ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত সপ্তাহব্যাপী এই উৎসব নানা আয়োজন, কর্মসূচি ও সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের জন্য হয়ে ওঠে এক আনন্দমুখর মিলনমেলা।
উৎসবের অংশ হিসেবে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয় এইচএসসি পাস শিক্ষার্থী সংবর্ধনা–২০২৫। দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক–শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস হয়ে ওঠে আরও প্রাণবন্ত। মোট ১৩টি কলেজের শিক্ষক–শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফ্যাল ফেস্টিভালে ছিল হেলথ ক্যাম্প, মেহেদি ফেস্ট, বিভিন্ন স্পোর্টস প্রতিযোগিতা, ফুডস্টল, প্রদর্শনীসহ নানা আকর্ষণীয় আয়োজন। প্রতিদিনের কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসব পায় আরও বৈচিত্র্য।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ২৬ নভেম্বর সন্ধ্যার ব্যান্ড শো। জনপ্রিয় ব্যান্ডগুলোর মনোমুগ্ধকর পারফরম্যান্সে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এ. ওয়াদুদ মন্ডল। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও মানসিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।
এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, আমন্ত্রিত কলেজসমূহের অধ্যক্ষবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ। তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলেছেন।
উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সপ্তাহজুড়ে ক্যাম্পাস ছিল উৎসবমুখর এবং শিক্ষার্থী–শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।