আরমান হোসেন রাজু, ব্যুরো চিফ:
দিনাজপুরে র্যাব-১৩-এর মাদকবিরোধী অভিযানে ৭৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ২ নম্বর উপশহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে বস্তার মধ্যে লুকিয়ে রাখা ৭৯ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়। অভিযানে ইজিবাইকসহ চালককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. শাহিনুর আলম (৪৭)। তিনি দিনাজপুর সদর উপজেলার খানপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহিনুর আলম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদক পরিবহনে তিনি নানা কৌশল অবলম্বন করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত মাদক ও ইজিবাইকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।