মোঃ শমীম রেজা, স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসন থেকে লড়াইয়ের জন্য সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে মনোনয়ন দিয়েছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’।
মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ১১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। সেখানে ফরিদপুর-১ আসনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর-১ আসনের প্রবীণ রাজনীতিবিদ এবং চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি ইতিপূর্বে আওয়ামী লীগ, বাকশাল, জাতীয় পার্টি এবং সর্বশেষ ২০০৫ সালে উপ-নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ফরিদপুর-১ আসনটি ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত ৩৪ বছরের ৮টি নির্বাচনের মধ্যে সাতবারই এখানে আওয়ামী লীগ জয়ী হয়েছে। কেবল ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের বিতর্কিত নির্বাচনে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম জয়লাভ করেছিলেন।
মনোনয়ন পাওয়ার বিষয়ে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমাকে ফরিদপুর-১ আসনে মনোনয়ন প্রদান করেছে। আমি সারাজীবন আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আমৃত্যু তাঁদের সেবা করে যেতে চাই।