
মোঃ রুবেল হোসেন সাভার প্রতিনিধি :
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাভারে বহিরাঙ্গন গণযোগাযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভারের রেডিওকলোনী মাঠে বাংলাদেশ বেতারের বাস্তবায়নে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে আসন্ন গণভোট ২০২৬ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “দেশের জনগণ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ আবারও প্রমাণ করবে যে, এ দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না।”
তিনি আরও বলেন, নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের উন্নয়নে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা তৈরি হলে সহিংসতা, বৈষম্য ও নির্যাতন কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোঃ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে এ ধরনের বহিরাঙ্গন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এসব অনুষ্ঠানের মাধ্যমে গণভোট, নারী-শিশুর অধিকার, সামাজিক সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।