মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি বিশেষ অভিযানে সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১.৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর)। শনিবার (৭ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর ওসি মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে রাত ১০টা ২০ মিনিটে সাভারের বলিয়ারপুর হাঙ্গাইল এলাকায় প্রথম অভিযান পরিচালিত হয়। এসময় মুক্তা বেগম (৪৫) নামের এক নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়ার নবীনগর মোড়ে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহর নেতৃত্বে আরও একটি দল অভিযান চালায়। এসময় জামাল (৩৮) ও ঝুমা আক্তার (২৮) নামের দুইজনকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।
জব্দ মাদকদ্রব্যসহ তিনজনের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় পৃথক নিয়মিত মামলা রুজুর কার্যক্রম চলছে।