মোঃ রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :
সাভারের তেঁতুলঝোড়া কলেজে স্থাপিত মক ভোটিং কেন্দ্র পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে তিনি ভোটিং কার্যক্রমের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন নিয়ে যারা দ্বিধা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা সংখ্যায় খুবই অল্প এবং দেশের বাইরে অবস্থান করছে বলে মন্তব্য করেন তিনি। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাহস থাকলে দেশে এসে কথা বলুক। আগামী নির্বাচনে সবাই ভোটকেন্দ্রে গেলে তাদের মুখে কালি পড়বে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব আরও জোরদার করতে র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এর আগে সাভার উপজেলার তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত মক ভোটিং কেন্দ্রও পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ কর্মসূচির আয়োজন করে সাভার উপজেলা প্রশাসন। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটসের সদস্যরা অংশ নেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।