মোঃ ফয়সাল হোসেন বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী :
বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং মানবাধিকার যথাযথভাবে নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ সংশোধনের খসড়া প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টা থেকে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে এ কর্মশালার আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
কর্মশালায় অংশ নেন আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী, একাডেমিক গবেষক, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। আলোচনায় বক্তারা বলেন, মানবাধিকার কমিশন আইন-২০০৯ যুগোপযোগী করতে হলে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (International Best Practice) অনুসরণ করা জরুরি। এ জন্য আইন সংশোধনের প্রক্রিয়ায় নাগরিক সমাজের মতামত গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কর্মশালায় বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান আইনটি প্রণীত হওয়ার পর প্রায় দেড় যুগ অতিক্রান্ত হয়েছে। এ সময়ে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে বৈশ্বিক প্রেক্ষাপট এবং অভ্যন্তরীণ চাহিদার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সেসব পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটি আধুনিকায়ন করলে মানবাধিকার কমিশনের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে। আলোচনায় কমিশনের স্বাধীনতা, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা আশা প্রকাশ করেন, সংশোধিত আইন বাস্তবায়িত হলে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।