মোঃ আজাদ তালুকদার, বিশেষ প্রতিনিধি রাজবাড়ী :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় প্রেমিকের সাথে মোটর সাইকেলে বেড়াতে গিয়ে জমিদার ব্রিজ এলাকায় দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (২০) নামে এক যুবতী নিহত হয়েছেন। নিহত সুমাইয়া গোয়ালন্দ উপজেলার হোসেন মোল্লা পাড়া এলাকার মজিবার প্রামাণিকের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুমাইয়া আক্তারের পূর্বে বিয়ে হয়েছিল, তবে কিছুদিন আগে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে সুমাইয়া আক্তারের সঙ্গে একই উপজেলার সাত্তার মেম্বার পাড়া এলাকার কিরণ প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (২৩)-এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সম্পর্কের ধারাবাহিকতায় তারা প্রায়ই মোটরসাইকেল যোগে ঘোরাঘুরি করতেন। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল প্রায় ৫টার দিকে তারা ঘুরতে বের হলে গোয়ালন্দের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত সুমাইয়াকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলচালক ও প্রেমিক সজীব প্রামাণিক সামান্য আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফরিদপুর কোতোয়ালি থানায় হেফাজতে নিয়েছে।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “দুর্ঘটনায় এক তরুণী মারা গেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিহত সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।