ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার তারার মেলা রোড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যৌথবাহিনীর তৎপরতায় ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ০০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার তারার মেলা রোড এলাকায় ৯ পদাতিক ডিভিশনের, ৯৯ কম্পোডিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ফরিদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক লেনদেনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন— আরিফিন হাসান তৌফিক (২২), হোসেইন ইসলাম শাওন (১৭) এবং ইউমা আব্দুল্লাহ (১৭)। এ সময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ পিস হেরোইন উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে ফরিদপুর সদর এলাকায় ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
যৌথবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানের ফলে মাদক কারবারিদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে, যা সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।