মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরবে ধানের শীষ মার্কার নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ এবং বিএনপি কর্মী আক্কাস আলীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত বিএনপি কর্মী আক্কাস আলী বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৭ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০-১২ জন দুর্বৃত্ত দাঁড়িপাল্লা মার্কার স্লোগান দিতে দিতে পীরবের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ায় অবস্থিত ধানের শীষ মার্কার নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। সে সাথে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করে তারা। হামলা ও অগ্নিসংযোগে বাঁধা দিতে গেলে সেখানে অবস্থানরত বিএনপি কর্মী আক্কাস আলীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয় গ্রামবাসী ছুটে এলে দুর্বৃত্তরা দাঁড়িপাল্লা মার্কার স্লোগান দিতে দিতে দেশীয় অস্ত্র উঁচিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে হামলা ও ভাঙচুরের ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলম। রবিবার রাত ১০টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।
সেখানে বক্তৃত্বায় তিনি নেতা-কর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, কেউ আইন হাতে তুলে নিবেন না। আইন তার নিজ গতিতে চলবে এবং ইতিমধ্যে প্রশাসন থেকে এ ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দেয়া হয়েছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, পরাজয়ের ভয়ে তারা দিশেহারা এসব অপকর্ম করে ঝামেলা বাঁধাতে চাইছে। আপনারা শান্ত থাকুন, ১২ ফেব্রুয়ারী আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।