মোঃ আরিফ শেখ , ফরিদপুর জেলা প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে সাজ সাজ রব। ফরিদপুর জেলার ৭৫৮টি মণ্ডপে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রতিমায় রঙের কাজ চলছে। এ বছর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হয়েছে এবং ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজার সমাপ্তি হবে ২ অক্টোবর মহাদশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
জানা যায়, প্রতিমার দোঁ-মাটির কাজ শেষ হয়েছে এবং এখন রঙ ও সাজসজ্জার কাজ চলছে। এবারের পূজায় দেবী দুর্গা আসবেন গজে (হাতি) করে, যা শান্তি ও সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। অন্যদিকে, দোলায় (পালকি) চড়ে গমন মহামারি বা অশুভ কিছুর ইঙ্গিত বলে মনে করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, জেলার ৯টি উপজেলায় মোট ৭৫৮টি পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকবে। অন্য মণ্ডপগুলোতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুজায় মাঠে থাকবে ৭১টি মোটরসাইকেলভিত্তিক ভ্রাম্যমাণ টহল দল ও ১৫টি পৃথক ভ্যান টিম। জেলার গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে ১১টি চেকপোস্ট। চুরি-ছিনতাই রোধে কাজ করবে পুলিশের বিশেষ টহল দল। পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন ৩০ জন ডিবি পুলিশ এবং ২৫ জন ডিএসবি সদস্য।
এবারে পূজার নিরাপত্তায় বিএনপি ও যুবদলসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এগিয়ে এসেছেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তারা পালাক্রমে মন্দিরগুলোতে নিরাপত্তার ব্যবস্থা রাখবেন।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, আইনশৃঙ্খলা বাহিনী পূজার সময় নির্বিঘ্নে দায়িত্ব পালন করবে। তারা পূজা কমিটিগুলোর সঙ্গে সভা করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।