
ফরিদপুর জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে প্রায় ২৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রম।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের চর কমলাপুর এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সুরবানন্দসহ আশ্রমের অন্যান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজের দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই এই মানবিক কর্মসূচির আয়োজন।
বস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এ উদ্যোগের জন্য রামকৃষ্ণ মিশন আশ্রমের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান তাঁরা।
সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ ধরনের মানবিক উদ্যোগ পারস্পরিক সহমর্মিতা, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।