ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।সকাল ৮টায় শ্রীধাম শ্রীঅঙ্গনের উদ্যোগে ব্রাহ্মণকান্দাস্থ শ্রীঅঙ্গন থেকে উল্টো রথযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালচামট শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে ধর্মীয় আলোচনা, নাম সংকীর্তন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
একই সময় চৌধুরী বাড়ি থেকে আরেকটি উল্টো রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সূচনাস্থলে ফিরে আসে।
এছাড়া বেলা ১২টার দিকে গৌড় গোপাল আঙ্গিনার উদ্যোগে উল্টো রথযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে ফিরে আসে। রথখোলা এলাকাতেও পৃথকভাবে উল্টো রথযাত্রার আয়োজন করা হয়।
বিকেলে ইসকনের উদ্যোগে আরও একটি উল্টো রথযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে।
উল্টো রথযাত্রা উপলক্ষে ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত-অনুরাগী অনুষ্ঠানে অংশ নেন। ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক। উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।