সেক মোহাম্মদ আফজাল,ক্রাইম রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নাড়ুয়াহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহত বৃদ্ধের নাম মাজেদ ফকির (৭০)। তিনি প্রতিদিনের মতো ছাগল চরাতে রেললাইনের ধারে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন হঠাৎ করে চলে এলে ছাগলটি রেললাইনের ওপর চলে যায়। ছাগলটিকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মাজেদ ফকির।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বিকেল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় ছাগলটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।