
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক থানার ভেতরে অবস্থিত মসজিদটির সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ইং, বাদ জোহর আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।
উল্লেখ্য, ছাতক থানার কর্মরত
অফিসার, কনস্টেবল এবং থানায় আগত সেবা প্রত্যাশী ও স্থানীয় মুসল্লিরা নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন। শত বছরের ঐতিহ্যবাহী মসজিদটি ছোট হওয়ায় একসাথে বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারছিলেন না, ফলে দীর্ঘদিন ধরেই সম্প্রসারণের প্রয়োজন অনুভূত হচ্ছিল।
ওসি শফিকুল ইসলাম খান বলেন, এই মসজিদে মুসল্লিদের জায়গা না হওয়ার কারণে প্রায় সময় বাহিরে নামাজ আদায় করতে দেখা যায় বিশেষ করে জুম্মার দিন এই সমস্যাটি বেশি হয়। এ বিষয়টি লক্ষ্য করে মসজিদটি সম্প্রসারণের উদ্যোগ আমি নিজে গ্রহণ করেছি। এই মসজিদটির সম্প্রসারণের জন্য স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও সহকর্মীদের সহযোগিতা পেয়েছি এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, এই কাজ শেষ হলে আরও বেশি মুসল্লি স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছাতক থানার ওসি (তদন্ত ও অপারেশন) রঞ্জন কুমার ও অন্যান্য অফিসার, বিশিষ্ট ব্যবসায়ী ও মসজিদ কমিটির সেক্রেটারি হাজী নিজাম উদ্দিন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সভাপতি হাজী আবুল হাসান, ব্যবসায়ী হাজী বাবুল মিয়া, আব্দুল হাই কালা মিয়া, সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, আদনান হোসেন মিজান, সাংবাদিক নাজমুল হাসান জুয়েল, এম শাহরিয়ার তারেক, হাজী লিলু মিয়া, কবির আহমদসহ ছাতক থানার এসআই, এএসআই ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা জামিল আহমদ। মোনাজাতে থানার শান্তি-শৃঙ্খলা এবং মসজিদের উন্নয়নের জন্য দোয়া করা হয়।